শপথ নিলেন পিএসসি’র চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে  তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসি’র সদস্য ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। 

গত ১৮ আগস্ট পিএসসি’র চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

পরে রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নাজমুজ্জামান ভূঁইয়ার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন।