কাপ্তাই হ্রদে পানি কমায় বন্ধ হলো বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটগুলো পুরোপুরি বন্ধ করা হয়। এ সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান।

এর আগে, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় বাঁধের ওপর চাপ কমাতে গত ২৯ আগস্ট রাত ৮টার দিকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রায় ৯ হাজার কিউসেক অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু হয়। পরবর্তীকালে পানির প্রবাহ আরও বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল, যার ফলে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

কাপ্তাই পিডিবির তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুর ২টায় হ্রদে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু রয়েছে। এসব ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি স্বাভাবিক প্রক্রিয়ায় কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। স্পিলওয়ের গেটগুলোও খোলা থাকায় মাঝখানে ভাটি অঞ্চলে পানির প্রবাহ অনেক বেড়ে গিয়েছিল।

তবে সাম্প্রতিক দিনগুলোতে হ্রদে পানির উচ্চতা নেমে আসায় রোববার রাতে স্পিলওয়ের অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হলো। এখন কেবল বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনের মধ্য দিয়েই পানি বের হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী স্পিলওয়ের গেট পুনরায় খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।