সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত অতিক্রম করে আসা বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ টি-শার্ট, সোয়েটার এবং জিন্স প্যান্ট আটক করা হয়।
অধিনায়ক জানান, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
আইনগত প্রক্রিয়ার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট সীমান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বিপুল পণ্য ধরা পড়েছে। উদ্ধার করা মালামালের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।