চকরিয়ায় ভিমরুলের আক্রমণে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। চকরিয়া উপজেলার শালবাগান এলাকার রবিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। 

মৃত নুরুল হক ছিদ্দিক (৪) ওই এলাকার আহমেদের ছেলে। আহত একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) ও রাসেলের মেয়ে তাসমিন (৩)।

হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সরওয়ার ওসমান খোকা জানান, বাড়ির পাশে খেলছিল তিন শিশু। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর হামলে পড়ে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।