সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর্র) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও র্যাব-৪ এবং র্যাব-১০ এর সদস্যরা।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম রবিবার সকালে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। এরপর পুলিশ মামলার প্রধান আসামি মূলহোতা জহিরুলকে প্রথমেই গ্রেপ্তার করে।
পরবর্তীতে গতকাল রাতভর আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি, থানা পুলিশ, র্যাব-৪ ও র্যাব-১০ এর সদস্যরা অপর আটজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন- আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), মো. ওয়াসিম (৪০)।
পুলিশ জানায়, তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাবার পরই আসামি ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায় ক্রমে তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল আলম বলেন, ঘটনার মূল হোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুলকে ১০দিনের রিমান্ড এবং মামলার অপর আসামিদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি। মামলার সকল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।