দেশের আলোচিত ব্যান্ডদল ‘অর্থহীন’ প্রায় ৫ বছর পর নতুন লাইনআপ নিয়ে গানে ফিরছে। আগামী ১১ সেপ্টেম্বর বন্দরনগরী চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’- পারফর্ম করবে দলটি। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে অর্থহীনসহ দেশের মোট ছয়টি ব্যান্ড পারফর্ম করবে। অন্য ব্যান্ডগুলো হলো অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
এর আগে গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আটটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল 'ওভারলোড ফেস্টিভ্যাল' এর প্রথম আসর। ঢাকার সফল আয়োজনের পর এবার একই শিরোনামে কনসার্টটি চট্টগ্রামে নিয়ে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান লাইভ ওয়েব। দীর্ঘ ১৬ মাসের বিরতি শেষে গত জুলাইয়ে ঢাকার ওভারলোড ফেস্টিভ্যাল দিয়েই নতুন লাইনআপে মঞ্চে ফিরেছিল অর্থহীন। এবার চট্টগ্রামের ফিরতি শো নিয়ে নিজেদের ফেইসবুক পেইজে দলটি লিখেছে, ‘দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে অর্থহীনের! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?’
আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্টটি রক সংগীতপ্রেমীদের জন্য চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এক লাইভ মিউজিক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ইতিমধ্যে অনলাইন টিকেট প্ল্যাটফর্ম 'গেট সেট রক'-এর ওয়েবসাইটে কনসার্টের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।