কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)–এর একটি দল মধ্যম কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আর্থিক সুবিধার বিনিময়ে জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যে ওই পাঁচজনকে নৌপথে সমুদ্র দিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য সেখানে জড়ো করা হয়েছিল।
এব্যাপারে কক্সবাজার সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক বলেন, উদ্ধার হওয়া পাঁচজন ও জব্দ করা মুঠোফোন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।