ভোলার বোরহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের নিচ দিয়ে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে পাইপ নিতে সড়কের নিচে সুড়ঙ্গ করায় এর একটি অংশ দেবে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। দ্রুত ওই সুড়ঙ্গ ভরাট করা না হলে সড়কের মাটি সরে গিয়ে মহাসড়কের বিভিন্ন অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দক্ষিণ পাশে দালাল বাজারসংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশের একটি জমি ভরাটের জন্য ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের নিচ দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে। সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপটি স্থাপন করা হলেও ওপর থেকে তা সহজে বোঝার উপায় নেই।
স্থানীয়দের অভিযোগ, এভাবে সড়কের নিচ দিয়ে পাইপ নেওয়ার কারণে মহাসড়কের ওপরের অংশ ইতোমধ্যে কিছুটা দেবে গেছে। সুড়ঙ্গটি দ্রুত যথাযথভাবে ভরাট করা না হলে বৃষ্টির পানি ঢুকে মাটি সরে যেতে পারে। এতে সড়কের অংশবিশেষ ধসে গিয়ে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
জমির মালিক মামুন বলেন, জমি ভরাটের কাজ স্থানীয় সাফিজুল মাতাব্বর ও তার ছেলে আসাদুল মাতাব্বর করছেন। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।
তবে সাফিজুল মাতাব্বর মহাসড়কের নিচ দিয়ে ড্রেজারের পাইপ স্থাপনের বিষয়টি জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, আমার কোনো ড্রেজার নেই।
এ বিষয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা বা সড়ক ধসের ঘটনা ঘটার আগেই মহাসড়কের নিচে তৈরি করা সুড়ঙ্গটি দ্রুত শনাক্ত করে যথাযথভাবে ভরাট এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।