দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘ফ্রিডম এজ’ নামের পাঁচ দিনের এই মহড়া দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মহড়ায় তিন দেশের গুরুত্বপূর্ণ নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। 

মহড়ার লক্ষ্য হলো তিন দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং সমুদ্র, আকাশ ও সাইবার ক্ষেত্রে যৌথভাবে যেকোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি জোরদার করা।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি’ মোকাবিলায় প্রতিরোধ ও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

তবে মহড়াটি নিয়ে ক্ষোভ জানিয়েছে উত্তর কোরিয়া। গত ৩১ আগস্ট পিয়ংইয়ং তিন দেশের এই যৌথ সামরিক মহড়াকে ‘আকাশপথে গুপ্তচরবৃত্তি’ বলে অভিহিত করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ আগস্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে’ কমানোর নির্দেশ দেওয়ার পরও নতুন এই মহড়া অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।