কবিতা

চলমান গাছেদের শিয়রে 

থামে একটু আবার কোথাও যাত্রা করে গাছেদের দল
কোথাও হংসদেরই মতো 
জলে ফুটে আছে পরিপূর্ণ ছবি
কোথায় অন্ত কোথায় অনুক্রমণিকা আর
এসে দাঁড়ালেম মেঘের কোলে
হঠাৎ তারকার নিচে চলমান গাছেদের শিয়রে

কেউ দাঁড়ায় কেউ কেউ চিরকাল এমনই পরস্পরে জেনে যায়
জানা মানে কি মানা তবে নাকি মানার কারণেই জানাটি
আলোক কণিকার বিন‍্যাসে পাওয়া জগৎকুল হাঁটে নিজেরই ঝোঁকে
তাহার হৃদয় হয় নিজের তাহার যাওয়া হয় নিজের গহিন কোনো নিজের
এখন নীল বায়ুর ছায়ে সন্ধ‍্যা পরক্ষণে সামান‍্য কিছুদূর রাত্রি
আমরা মিলিব এবং মিলিব না কেননা সকলেরই দুঃখ ভারী
কেননা জগৎ তুলা তুলা
আজি সোনালি কোনো ফল রাঙবে বলে তার পক্ষপাত করি
আজি করিব যাত্রা আর কখনো না রাঁধিত পারিব এসকল হীরা-মোতি
কোনো দুঃখ তুলে নেওয়াতেই ভাসে পালক ভাসে চরান্তর
নীলিমার সকালে কিম্ভুত লাগে এ দীর্ঘ বৃক্ষরাজি ললাটে কোথায় রাখি