এশিয়ান গেমস ক্রিকেট: ফাইনালের আগে দেখা হচ্ছে না ভারত-পাকিস্তানের

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) ঘোষিত এই সূচি অনুযায়ী, বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ কেবল টুর্নামেন্টের ফাইনাল (স্বর্ণপদক ম্যাচ) অথবা ব্রোঞ্জ পদকের লড়াইয়েই দেখার সুযোগ রয়েছে। তার আগে নকআউট পর্বের ড্রয়ের মারপ্যাঁচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
 
জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে এবারের এশিয়ান গেমসের সবকটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রতিযোগিতাটি চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই চার শীর্ষ দলকে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার জন্য 'বাছাই' নির্ধারণ করা করা হয়েছে।
 

পুরুষ ক্রিকেট: গ্রুপ পর্ব ও নকআউট

পুরুষ ক্রিকেট ইভেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে লড়বে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, চীন, মালয়েশিয়া ও ওমান।
 
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম দিন সকালের ম্যাচে পাকিস্তান মাঠে নামবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। একই দিন দুপুরে ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের। ২৯ সেপ্টেম্বর সকালে শ্রীলঙ্কা খেলবে গ্রুপ ১ চ্যাম্পিয়নের সঙ্গে, দুপুরে বাংলাদেশ খেলবে গ্রুপ ২ এর বিজয়ীর সঙ্গে। ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ৩ অক্টোবর সকালে ব্রোঞ্জ পদক ও দুপুরে স্বর্ণপদকের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত হওয়ায় ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল এবং রানার্সআপ হয়ে রৌপ্য পেয়েছিল আফগানিস্তান। সেবার পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।

নারী ক্রিকেট: ১৭ সেপ্টেম্বর থেকে মিশন শুরু

পুরুষদের আগেই মাঠে গড়াবে নারী ক্রিকেট ইভেন্ট। ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হয়ে মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। একই দিন দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ১৮ সেপ্টেম্বর বাকি দুই কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং ভারত-জাপান প্রতিদ্বন্দ্বিতা করবে।
 
নারী ক্রিকেটের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর সকালে ব্রোঞ্জ পদক এবং দুপুরে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে নারী ক্রিকেট ইভেন্টের। গত আসরে নারীদের ইভেন্টেও ভারত স্বর্ণ, শ্রীলঙ্কা রৌপ্য এবং বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছিল।