অহোরাত্র সংকীর্তনের আয়োজন নয়
যে আছে নিজের ভারে, অমীমাংসার
তাল-লয়ের আঘাতে আহত;
নিজস্ব অঙ্গারচিহ্ন আঁকা
হৃদয়ের সমস্ত প্রকোষ্ঠজুড়ে যার, তাকে—
অলীক গল্পের বানোয়াট
মধুরেণ সমাপয়েৎ-সম্ভাবনা সম্পর্কে
কিছু বোলো না;
তার বহুজন্ম, হয়তো
অপেক্ষার বিকেলের গন্ধ
বিচ্ছেদের সন্ধ্যার স্পর্শ
লুকিয়ে রেখে রেখে, বিগত—
বিরহসংহিতা যার দিবারাত্রপাঠ্য, তাকে
আর কোনো একাকিত্বের বিশেষণ দিও না।