কবিতা

অর্ধেক আমি

অর্ধেক আমি বিক্রি হয়ে গেছি গরুর হাটে, গরুর দালাল 
দড়ি ধরে টানছে, শিং নেই যে গুঁতা দেব, আমার ছায়া 
টানছে পেছন দিকে, লাথি মারার কৌশল রপ্ত 
করতে পারিনি, এই অর্ধেকও কি ভাগ ভাগ 
হয়ে যাবে? নিজের ছায়াকে চিনতে পারিনি, দালালের 
কোনো ছায়া নেই, তার চোখ থেকে 
খয়েরি আলোর বৃষ্টি ঝরছে, আমার ছায়ায় আমাকেই পেঁচিয়ে 
কসাইখানার দিকে ছুটছে সে, বাকি অর্ধেক আমি 
নির্বাক কসাই... খদ্দেরের ভিড় ঠেলে ছুটে আসছে 
অতীত বর্তমান ভবিষ্যৎ, তারা তিনজনই 
হতে চায় প্রথম ক্রেতা, দূরে দাঁড়িয়ে 
কাঁপছে একটা গাছ, পাতারা খসে পড়ছে যেন 
দ্রাবিড় মায়ের কুচিকুচি হয়ে যাওয়া আঁচল...