বিওটি এর নবনির্বাচিত চেয়ারম্যানকে উপাচার্যের ফুলেল শুভেচ্ছা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান কাজি শায়রুল হাসানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকাস্থ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ইবিএইউবি উপাচার্য। সাক্ষাৎকালে তিনি নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষাক্রম, প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন কাজ এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যানকে বিস্তারিত অবহিত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রায় নবনির্বাচিত চেয়ারম্যান কাজি শায়রুল হাসান ইবিএইউবি-এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। একই সঙ্গে তার দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।