কবিতা

বেহুলা

এদিকে আকাশ ভেঙে পড়ে, হাওয়াবদলের জন্যে
প্রত্যাশামাফিক চেয়ে আছে পাহাড় সুপ্ত সকৌতুকে
ছদ্মবেশী ঢেউ প্রতিটি বিস্তৃত, সাগর ঠাসা জনারণ্যে
তোমার কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে ফিরছে, শুনছি ঝুঁকে

কেন এত শ্রাবণ? হয়তো জানে কালিদাস নির্ভুলভাবে
ডুবুডুবু গ্রাম তত্ত্ব গুটিয়ে হাসে হাঁসগুলো জলের স্বভাবে

পাতার প্রতিবাদ যথোচিত, মনে হলে অকিঞ্চিৎকর
তখনই নীতির তেষ্টা পাবে, হবে স্বরূপের উদ্ঘাটন
আমার ভেলাতে আসো আবেগের ছক কাটি রাতভর
তাতে লতা লজ্জিত হয় হোক, খুঁজুক অনুষঙ্গের টোন

নতুন বৃষ্টিতে স্বাদুতা মণ্ডিত যেন অতিরেকী শাখানদী
লখিন্দর কাঁদে, করুণার ঘাটে, বেহুলা জানত যদি!