রাজধানীর হাজারীবাগে একটি বাড়ির ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ৪ বছর বয়সী ভাতিজি আন্তরা আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগ বউবাজার এলাকার চারতলা একটি বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত রিয়াজের আত্মীয় মো. সুমন জানান, বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিলেন রিয়াজ ও তার ভাতিজি অন্তরা। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পরে। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা শিকদার মেডিকেলে চিকিৎসাধীন আছে।
তিনি আরও জানান, রিয়াজ হাজারীবাগে একটি জুতার কারখানায় কাজ করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার চররমণী গ্রামে। বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজারের ওই বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।