২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই শিক্ষক হলেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)।
সোমবার (৭ আগস্ট) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন তিনি। পরবর্তী সময়ে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ওই পোস্টে আন্দোলন নিয়ে ‘অশ্লীল ও কটাক্ষমূলক’ বক্তব্য উঠে আসে। তাঁর এমন পোস্টের কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সমালোচনা সৃষ্টির পরপরই তিনি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যাওয়ার আবেদন করেন। তবে চাপের মুখে এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। ঘটনা ভাইরাল হওয়ার পর গত ১২ জুলাই উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে চবি প্রশাসন। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি এখন কোনো কিছু বলতে পারব না। কেননা বিষয়টি যেহেতু সিন্ডিকেটের সিদ্ধান্ত, তাই সিন্ডিকেটের সব সদস্যকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের সচিব হিসেবে এ বিষয়ে কোনো কিছু বলার নেই।‘
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এ শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।‘