হাসিনার মৃত্যু-দাফন বাংলাদেশে হবে না: সারজিস আলম

শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার বিকেল ৫টায় ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট। এ সময় শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।

এদিকে সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক।

সারজিস আলম বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলেছিল। শুধু কার্ড বানাতেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা ছিল অপচয়। তারা বুঝতে পেরেছে, এটি বাস্তবায়ন সম্ভব নয়। তাই এখন এই প্রকল্প নিয়ে কোনো কথা বলছে না।

জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এনসিপির নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।