নেত্রকোনায় খালপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় খালপাড় থেকে মারুফ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাও গ্রামের খালপাড় থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
নিহত মারুফ মিয়া কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। তার শ্বশুরবাড়ি ঘটনাস্থলের পাশের ইউনিয়ন সদর উপজেলার রৌহার বাজে আমলি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বনগাও গ্রামের খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয় এক কৃষক। এ সময় খালপাড়ে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তিনি। পরে গ্রামের স্থানীয়দের সাথে নিয়ে অচেতন ওই যুবককে উদ্ধার করতে গেলে দেখেন তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং অজ্ঞাত ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।
 
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।