অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৫ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একসঙ্গে পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। সোমবার (৭ সেপ্টম্বর) তারা প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেওয়া আইন কর্মকর্তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা এবং সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা। পদত্যাগের পর মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও সুলতানা আকতার রুবি জানান, তারা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এখন থেকে নিজেদের আইন পেশায় মনোযোগ দিতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট তারা নিজ নিজ পদে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি সরকার নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার পর সুপ্রিম কোর্টে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় এর আগেও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন, যার পর সোমবার নতুন করে এই পাঁচ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।