কেরানীগঞ্জের জবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পূর্বদি এলাকায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মামি-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ২২ বছর বয়সী জুলিয়া ও ১৬ বছর বয়সী রাবেয়া। দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জের কো-া ইউনিয়নের আলুকান্দা এলাকার বাসিন্দা। জুলিয়ার স্বামী মো. শফিককুল ইসলাম কুয়েতপ্রবাসী। তিনি এক সন্তানের জননী। রাবেয়া স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। এলাকাবাসী জানান, জুলিয়ার মৃত্যুর খবর শুনে তার স্বামী শফিকুল ইসলাম দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন ক্যাম্পাসের ঘাটবাঁধানো পুকুরে গোসল করতে যান। এ সময় সাঁতার না জানায় অসাবধানবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।