রাজধানীর শেওড়াপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সানজিদা আক্তারকে (২০) মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শুকরান এসএম শান্তর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর শান্ত নিজেই কুমিল্লায় শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে তার মৃত্যুর খবর দেন।
গত রবিবার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলি ৯৫১/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, পরে পরিবারের সদস্যরা ঢাকার বাসায় এসে দেখতে পান, স্বামী নিজেই স্ত্রীর মরদেহ গোসল করাচ্ছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে শুকরান এসএম শান্তর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তারা পূর্ব শেওড়াপাড়া এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত সানজিদাকে মারধরে স্ত্রী মারা যান।