পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে ৪ টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণ সহ অন্তত তিনটি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্তবাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। এ সময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কদম আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পূর্বশত্রুতা কিংবা অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এ ছাড়া একটি বিস্ফোরক মামলা রয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। খুব শিগগির দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।