বৃষ্টিতে ছাদে ভিজতে গিয়ে বজ্রপাতে চাচার মৃত্যু ভাতিজি আইসিইউতে

রাজধানীর হাজারীবাগে বৃষ্টির সময় ছাদে ভিজতে গিয়ে বজ্রপাতে জুতা ও ব্যাগ কারখানার শ্রমিক মো. রিয়াজের (১৭) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফিট এলাকার ৬২/৪ বউবাজারের একটি চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় অন্তরা (৪) নামে তার ভাতিজি গুরুতর আহত হয়। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

রিয়াজকে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিশু অন্তরাকে ধানম-ির শমসের মবিন সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় সুমন জানান, বিকেলে বৃষ্টির মধ্যে রিয়াজ ও তার ভাতিজি অন্তরা চারতলার ছাদে ভিজছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে দুজনই ছাদের ওপর অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, নিহত রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী গ্রামের ইউসুফের ছেলে। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগের বউবাজার এলাকার ওই চারতলা ভবনে ভাড়া বাসায় থাকতেন।