কাজাখস্তানকে উড়িয়ে নারী হকি দলের হ্যাটট্রিক জয়

চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ (মঙ্গলবার) সকালে চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে  অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও পরাজিত করেছিল বাংলাদেশ। এবার কাজাখস্তানের বিপক্ষেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লাল-সবুজের দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হলেও রক্ষণ সামলে এগিয়ে থাকে হকি কন্যারা।

শেষ কোয়ার্টারে আরও দুইবার কাজাখস্তানের জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন সারিকা রিমন। একটি করে গোল করেছেন লিজা ও লিমা।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল খেলছে চ্যালেঞ্জার গ্রুপে। এই গ্রুপে রয়েছে হকির উন্নয়নশীল দেশগুলো। টানা তিন জয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বে হকি কন্যাদের পরবর্তী প্রতিপক্ষ হংকং। চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপে এলিট গ্রুপের কোন দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা।

এদিকে নারী দলের সাফল্যের দিনে পুরুষ দল এখনও জয়ের সন্ধানে। আজ বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ পুরুষ দল। নারী দলের হ্যাটট্রিক জয়ের পর পুরুষ দলও জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটিই দেখার।