পাবনার আটঘরিয়া উপজেলায় একাধিক হত্যা ও ধর্ষণ মামলার আসামি এবং স্থানীয় বিএনপি নেতা আদম আলী মোল্লাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ইরাদুল ইসলাম (৫৫)। তিনি আটঘরিয়ার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। গ্রেপ্তারের পর র্যাব তাকে ইতোমধ্যেই আটঘরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হন আদম আলী মোল্লা। নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণ মামলাসহ অন্তত তিনটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজের বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। তিনি আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামি ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শেষেই এই হত্যাকাণ্ডের মূল কারণ স্পষ্টভাবে জানা যাবে।