ইতালির ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় সোমবার গভীর রাতে ভেনিস শহরের মেস্ত্রে এলাকার একটি পার্কে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ৪ বছরের শিশুসন্তানসহ পরিবারের স্বজনদের সামনেই তাকে শারীরিক আক্রমণ ও মৌখিক হেনস্তা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘ভেনিস ছাত্রলীগ’ পরিচয়ে একদল ব্যক্তি বাঁধনকে লক্ষ্য করে বোতলজাত পানি ও কোক ছুড়ে মারছে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার মুঠোফোনটি আছড়ে ফেলে দেওয়া হয়। আক্রমণকারীরা জোরপূর্বক তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং সম্পূর্ণ ঘটনাটি ফেসবুকে লাইভ প্রচার করে। ভিডিওতে হামলাকারীদের বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দিতে শোনা যায়।
ঘটনার আকস্মিকতায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন বাঁধন। তিনি জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সাধারণ মানুষের পক্ষে রাজপথে ভূমিকা রেখেছিলেন, যা তার অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা না জেনেই এই আক্রমণ চালিয়েছে; কারণ উৎসবে প্রদর্শিত তার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের পরিচালক রুবাইয়াত হোসেন স্বয়ং সাবেক আওয়ামী লীগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মেয়ে। পরে এক সাক্ষাৎকারে বাঁধন জানান, ঘটনার পর ইতালীয় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, ওই দণ্ডনীয় অপরাধের জন্য ইতালির আদালতে মামলা দায়ের এবং ভেনিস পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ছাড়ার আগে ঘটনাটির সুরাহা চান তিনি।
একই সঙ্গে ইতালিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি নিবিড়ভাবে তদারকির আহ্বান জানান। ঘটনায় জড়িত সকল অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই আন্তর্জাতিক অভিনেত্রী।