গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরিমানা জ্যোতিদের

এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ নারী দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।

শাস্তি হিসেবে ম্যাচের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি থেকে ৫ শতাংশ করে কেটে নেওয়া হবে। ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী এই সিদ্ধান্ত দিয়েছেন।

গত রবিবার দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের সময় নির্ধারিত গতিতে ওভার শেষ করতে না পারায় মাঠেই শাস্তির মুখে পড়ে দলটি। বাংলাদেশের ইনিংসের শেষ দুই ওভারে শাস্তিস্বরূপ বৃত্তের ভেতরে একজন অতিরিক্ত ফিল্ডার রাখতে হয়েছিল।

ম্যাচ শেষ হওয়ার পরও বিষয়টি থেকে রেহাই পায়নি বাংলাদেশ। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে পর্যালোচনা করে দেখা যায়, নির্ধারিত সময়ের তুলনায় বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতি নিজের দলের মন্থর ওভার রেটের দায় মেনে নিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি এবং ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী সরাসরি শাস্তির সিদ্ধান্ত দেন।

শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালের সমীকরণে চাপ আরও বেড়েছে বাংলাদেশের। এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নেওয়াই হয়ে উঠেছে তাদের প্রধান লক্ষ্য। তার আগে অবশ্য জরিমানার এই ধাক্কা সামলাতে হচ্ছে জ্যোতি ও তার সতীর্থদের।