বরিশালের উজিরপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধামুড়া সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সন্ধ্যা নদীর শাখা নদীর ওপর নির্মিত ধামুড়া সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি নির্মাণের প্রায় দেড় বছর পার হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কার্যত অকেজো হয়ে পড়ে আছে। বর্তমানে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে মই দিয়ে সেতু পারাপার হচ্ছেন। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।
উপজেলা বিএনপির সহসভাপতি জামাল তালুকদার বলেন, ‘৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে দেড় বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। অথচ মানুষ কষ্ট করে মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।’ ে
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক বলেন, ‘সেতুটির কারণে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। জমি নিয়ে বিরোধ থাকলেও প্রশাসন দ্রুত তা সমাধান করতে পারে। অথচ দেড় বছর পার হলেও একটি সংযোগ সড়কের কারণে সেতুটি এখন যেন মরণফাঁদ।’
উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সোহাগ খান বলেন, ‘মানুষের উপকারের জন্য নির্মিত সেতুটি পূর্ব প্রান্তের সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না। জমি নিয়ে বিরোধ থাকলে তা দ্রুত সমাধান করে সেতুটি উন্মুক্ত করার দাবি জানাই।’
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় একাধিক নারীরা বলেন, তারা সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সেতুটি উন্মুক্ত হলে এই সড়ক দিয়ে শোলক, বাটাজোড়সহ বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করা সম্ভব হবে।
এদিকে জমির মালিকানা দাবি করা আব্দুর রব অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের খামখেয়ালিপনার কারণে সেতুটির সংযোগ সড়ক নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, জমি নিয়ে বিরোধের কারণে সংযোগ সড়ক নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সেতুটির সংযোগ সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।