ভারতে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ঢাকার আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামি।
গ্রেপ্তার ইদ্রিস আলী আশুলিয়ার জামগড়া এলাকার আলী আহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সূত্র জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ইদ্রিস আলী তার বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশ জানতে পারে, আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। তার কাগজপত্র যাচাইয়ের সময় তার নামে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।