বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণ চালু হচ্ছে

দেশ-বিদেশের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপি)-এর আওতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু হচ্ছে। এ লক্ষ্যে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, যুগ্মসচিব ও উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ড. মো. মতিউর রহমান এবং উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিম।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক শামিম আহসান পারভেজ, পাবলিক হেলথ প্রোগ্রামের ভিজিটিং প্রফেসর ড. মুনসুর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খালেদ বিন ইউসুফ।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ক্লাউড কম্পিউটিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এবং নেটওয়ার্ক প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় জাপানি ভাষা প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সনদ অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম। এতে মোট ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রাজশাহী কেন্দ্র থেকে ৪৫০ জন এবং ঢাকা কেন্দ্র থেকে ৭৫০ জন প্রশিক্ষণ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের আইসিটি গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। নতুন এ কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটদের নিজ এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি হবে। শিক্ষাব্যবস্থার সঙ্গে শিল্পখাতের একটি দূরত্ব রয়েছে। এ দূরত্ব কমিয়ে শিক্ষার্থীদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে আমরা কাজ করছি। একই সঙ্গে গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাঁদের বিভিন্ন সম্ভাবনাময় ও চাহিদাসম্পন্ন খাতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। সিসিপির অন্যতম লক্ষ্য হলো শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমিয়ে দক্ষ ও কর্মোপযোগী জনশক্তি তৈরি করা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষায় প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।

কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশে সহায়তার পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠান ও রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।