৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে টলিউড সিনেমা ‘দেশু ৭’র প্রথম গান ‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে জিয়া লাগে না’। মাত্র ২৪ ঘন্টাতেই বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল দেব-শুভশ্রীর এই রোমান্টিক গানটি। কয়েক ঘণ্টায় ভিউয়ার্সের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি ভাগ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন দেব-শুভশ্রী। দীর্ঘ এক যুগ পর নতুন মোড়কে পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। গান মুক্তির পর কয়েক ঘণ্টায় এক লক্ষের গণ্ডি অতিক্রম তারই প্রমাণ।
লাদাখের রাস্তায় দেব-শুভশ্রীর রোমান্সে বুঁদ ভক্তরা। ভালোবাসা আর শুভেচ্ছায় উপচে পড়ছে ‘দেশু’র মন্তব্যবাক্স। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে দেব-শুভশ্রীর ‘তোর শুধু তোর’ গানের নানান রঙিন মুহূর্ত। বর্ষামুখর দিনগুলোতে বাইকের উপর দেব, শুভশ্রীর রোম্যান্সের হাতছানিতে তপ্ত নেটভুবন। পঁচিশ সালে ‘ধূমকেতু’ মুক্তির পরই দেব-শুভশ্রী জুটিকে পুনরায় পর্দায় দেখতে মুখিয়ে ছিল দর্শক। ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়েই অতীত ভুলে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী। আসন্ন শারদীয় উৎসবে মুক্তি পাবে দেশু ৭।