বাংলাদেশসহ কয়েক দেশে ইসরাইলিদের ভ্রমণে সতর্কতা

বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলিদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির হামলার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরাইলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, সামনে ইহুদিদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসকে কেন্দ্র করে ইসরাইলিদের ওপর হামলার ঝুঁকি বেড়েছে। ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের কারণে এ ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলিদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন মূল্যায়নের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের অক্টোবরে হামাসের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে। এসব বিক্ষোভের কিছু অংশ ইসরাইলিদের বিরুদ্ধে সহিংসতায় রূপ নেয়ার আশঙ্কা রয়েছে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি, ইউরোপসহ বিভিন্ন দেশে ইসরাইলিদের ওপর হামলার জন্য হামাস তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে আফ্রিকা মহাদেশে ইসরাইলিদের ওপর হামলার হুমকি দিয়েছে ইয়েমেনভিত্তিক হুতিরা।

সংস্থাটির মূল্যায়নে ইরানের আশপাশের দেশগুলো ইসরাইলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে উচ্চ ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর; বিশেষ করে সিনাই উপত্যকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এসব দেশে অবস্থানরত ইসরাইলিদের সরে যাওয়ার এবং বিমান ট্রানজিটের ক্ষেত্রে বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরাইলিদের ভ্রমণ আইনত নিষিদ্ধ বলেও জানিয়েছে সংস্থাটি। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ইসরাইলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটিতে ইসরাইলিদের নিয়মিত যাতায়াতও নেই। তারপরও ইসরাইলি নিরাপত্তা কাউন্সিলের বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নের তালিকায় বাংলাদেশের নাম এসেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট