ফুটবলের অন্যতম সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফিরেছেন লিওনেল মেসি। ফ্রান্স ফুটবল প্রকাশিত ৩০ জনের তালিকায় গতবার তিনি ছিলেন না। তবে এবারের তালিকায় ফিরেছেন আটবার এই পুরস্কার জয়ী আর্জেন্টিনা কিংবদন্তী।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে উজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে নজরকাড়া পারফর্ম করে তালিকায় ফিরেছেন মেসি। অন্যদিকে ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়ে স্কুদেত্তো জয় এবং বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মনোনীত হয়েছেন লাউতারো মার্তিনেজ। তালিকায় সবচেয়ে বেশি ১০ জন ফুটবলারের প্রতিনিধিত্ব রয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর। দলে নতুন যোগ দেওয়া ফেরান তোরেসসহ পিএসজি থেকে জায়গা পেয়েছেন ভিটিনহা, ফাবিয়ান রুইজ, উইলিয়ান পাচো, জোয়াও নেভেস, নুনো মেন্দেস, মার্কিনিওস, খিচা কাভারাৎস্কাইয়া, আশরাফ হাকিমি এবং গত বছরের (২০২৫) ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে। স্পেন থেকেও জায়গা পেয়েছেন ৬ জন ফুটবলার—রদ্রি, লামিনে ইয়ামাল, মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, ফাবিয়ান রুইজ ও ফেরান তোরেস।
প্রাথমিক এই তালিকার খেলোয়াড়দের ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে মনোনীত ফুটবল সাংবাদিক ভোট দেবেন আগামী এক মাস। তাদের দেয়া ভোটিং পয়েন্টে সর্বাধিক যিনি পাবেন তিনি হবেন ব্যালন ডি অর। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের লন্ডনের ঐতিহাসিক 'প্যালাডিয়াম' থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
৩০ জনের তালিকা
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), মার্ক কুকুরেয়া (চেলসি/রিয়াল মাদ্রিদ/স্পেন), লুইস দিয়াজ (বায়ার্ন/কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল/ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে), হ্যারি কেইন (বায়ার্ন/ইংল্যান্ড), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), খিচা কাভারেস্কাইয়া (পিএসজি/জর্জিয়া), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), সাদিও মানে (আল নাসর/সেনেগাল), মার্কিনিওস (পিএসজি/ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি/পর্তুগাল), মাইকেল ওলিসে (বায়ার্ন/ফ্রান্স), উইলিয়াম পাচো (পিএসজি/ইকুয়েডর), হুলিয়ান কিনিয়োনেস (আল কাদসিয়া/মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল/ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি/স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল/ফ্রান্স), ফেরান তোরেস (বার্সেলোনা/পিএসজি/স্পেন), দায়োত উপামেকানো (বায়ার্ন/ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল) ও ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)।
-
কোপা ট্রফি (সেরা তরুণ খেলোয়াড়): ছেলেদের বিভাগে গত দুবারের বিজয়ী বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন।
-
ইয়াশিন ট্রফি (সেরা গোলরক্ষক): ছেলেদের সেরা ১০ জনের মধ্যে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, স্পেনের দাভিদ রায়া ও কেপ ভার্দের ভোজিনিয়া। তবে বাদ পড়েছেন গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা।
-
ইয়োহান ক্রুইফ ট্রফি (সেরা কোচ): পুরুষ বিভাগে আর্সেনালকে সাফল্য এনে দেওয়া মিকেল আরতেতা, পিএসজির লুইস এনরিকে এবং স্পেনের জাতীয় দল কোচ লুইস দে লা ফুয়েন্তে মনোনীত হয়েছেন।
-
সেরা ক্লাব: পুরুষ বিভাগে মনোনীতদের তালিকায় রয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। নারী বিভাগে শীর্ষে রয়েছে বার্সেলোনা, অলিম্পিক লিওঁ ও ম্যানচেস্টার সিটি।