আড়াই কেজির রাজা ইলিশ ১৫ হাজারে বিক্রি

ভোলার মনপুরায় জেলে এমরান মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় রাজা ইলিশ। পরে রামনেওয়াজ মৎস্যঘাটে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। এক ইলিশেই ভালো দাম পাওয়ায় খুশি জেলে এমরান মাঝি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিলামে মাছটি কেনেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।

জেলে এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় ছোট ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে তার জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি রামনেওয়াজ ঘাটে ফরহাদ হাওলাদারের আড়তে নিয়ে যান। সেখানে উন্মুক্ত নিলামে মাছটির সর্বোচ্চ দাম ওঠে ১৫ হাজার টাকা।

মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার বলেন, অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে তিনিও নিলামে অংশ নেন। সর্বোচ্চ দর দিয়ে ১৫ হাজার টাকায় ইলিশটি কিনেছেন তিনি। মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু বলেন, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারের ইলিশ নদীতে আসছে। ফলে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। সামনে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

একদিকে বড় ইলিশের দেখা মিলছে, অন্যদিকে সেই মাছের ভালো দাম পাওয়ায় জেলেদের মধ্যেও ফিরছে আশার আলো। মেঘনায় বড় ইলিশের এই উপস্থিতি ইলিশের মৌসুমে জেলেদের জন্য নতুন প্রত্যাশা তৈরি করেছে।