পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে ৩ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তিন দেশ। শুরুতে যুক্তরাজ্য এই কঠোর পদক্ষেপের ঘোষণা দিলেও, পরে ফ্রান্স ও কানাডা তাতে সমর্থন জানিয়ে ওই পরিকল্পনায় যোগ দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ব্রিটিশ পার্লামেন্টে বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সন্ত্রাসীরা জাতিগত নিধন চালাচ্ছে। ইসরায়েল সরকার তা দেখেও দেখছে না বলে অভিযোগ করেন তিনি। তাই আন্তর্জাতিক আইনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিলিব্যান্ড আরও ৯টি দেশÑ ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল এবং সুইডেনও একই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। বিবিসি জানায়, ১২টি দেশই এক যৌথ বিবৃতিতে পশ্চিম তীরের অবৈধ বসতি অঞ্চলের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের সংকল্প ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান অক্ষুণœ থাকতে হবে। তা ছাড়া পশ্চিম তীরে অবিলম্বে বসতি স্থাপন বন্ধ করার জন্যও ইসরায়েল সরকারকে আহ্বান জানানো হয়েছে এতে। পশ্চিম তীরে এ বছর ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যাওয়া এবং ওই অঞ্চলে ইসরায়েল সরকারের ১ হাজার ২০০ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার পর এ নিষেধাজ্ঞার পদক্ষেপ এলো।