কাউন্টিতে একসাথে হাসান-খালেদের ৭ উইকেট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে বল হাতে দুর্দান্ত সূচনা করেছেন কেন্টের দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দুজন মিলে শিকার করেছেন ৭টি উইকেট। তবে মার্টিন অ্যান্ডারসনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিনে ৩১০ রানের বড় লড়াই গড়েছে ডার্বিশায়ার। জবাবে ১ উইকেটে ১১ রান তুলে দিন শেষ করেছে কেন্ট।

ম্যাচের শুরুতেই হাসানের বোলিং তোপে পড়ে ডার্বিশায়ার। ইনিংসের প্রথম দুই বলেই হ্যারি কেম ও ম্যাথিউ মন্তগোমারিকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিডস্টার। হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও তা এড়ান ওয়েইন ম্যাডসেন। পরে কেন্টের হয়ে অভিষিক্ত খালেদ আহমেদ আঘাত হানেন। একই ওভারে ইউসুফ বিন নাইম ও ম্যাডসেনকে ফিরিয়ে স্বাগতিকদের ৬৪ রানে ৪ উইকেটে পরিণত করেন খালেদ।

চাপে পড়া ডার্বিশায়ারকে উদ্ধার করেন অলরাউন্ডার মার্টিন অ্যান্ডারসন। লুইস রিসকে (৩২) সঙ্গে নিয়ে ৯১ এবং ব্রেট রান্ডেলকে (২৯) সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৮৪ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। ১৯০ বলে ১২৯ রানে অপরাজিত থেকে ডার্বিশায়ারকে ৩০০ রানের সংগ্রহে নিয়ে যান অ্যান্ডারসন।

কেন্টের পক্ষে সেরা বোলিং করেন হাসান মাহমুদ, ৩০ রানে নেন ৪ উইকেট। অন্যদিকে অভিষিক্ত খালেদ আহমেদ ৭৩ রান দিয়ে পান ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ হওয়ার ঠিক আগে ওপেনার বেন কম্পটনকে হারিয়ে বসে কেন্ট। ডার্বিশায়ারের প্রথম ইনিংস থেকে এখনো ২৮৯ রানে পিছিয়ে আছে তারা।