রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিসে চোর সন্দেহে এক যুবককে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবককে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক সকালে দেয়াল টপকে ভিতরে ঢুকেছিল। পরে আনসার সদস্যরা তাকে আটক করে মারধর করায় অচেতন হয়ে পড়েন। পরে সিএনজি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে সৈকত আলী নামে এক ব্যক্তি নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে বলেন, তিনি বিটিসিএল অফিসে অন্য একটি কাজে এসেছিলেন। সকালে ওই যুবকসহ তিনজন বাউন্ডারি টপকে ভিতরে ঢুকেছিল জিনিসপত্র চুরির উদ্দেশ্যে। দায়িত্বরত আনসার সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে ওই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে আঘাত করে। অন্যরা পালিয়ে গেলেও ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে বেঁধে মারধর করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে (সৈকত) দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানানো হয়েছে।