জাতিসংঘে সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বগ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশের কূটনৈতিক ইতিহাসে এটি একটি বড় মাইলফলক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি সভাপতির শপথ নেন।

এর আগে ড. খলিলুর রহমান রাত পৌনে ৯টায় মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তিনি সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি সভায় সভাপতিত্ব করার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

খলিলুর রহমানের দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরল বাংলাদেশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন এ পদে দায়িত্বপালনকারী প্রথম বাংলাদেশি। তিনি ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

এর আগে গত ২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ড. খলিলুর রহমান। এতে তিনি পান ৯৯ ভোট। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট। জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবার সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ড. খলিলুরের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানান।