বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। গত সোমবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। শঙ্কামুক্ত হন।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। তিনি জানান, মেঘমল্লার বসুর ফেসবুকে দেওয়া পোস্টটি দেখে তারা তার খোঁজ শুরু করেন। পরে জানতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসা নিশ্চিত করতে জটিলতা দেখা দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।
এর আগে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘমল্লার বসু নিজের বিষাদময় জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন তিনি। পোস্টে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও টেনে আনেন মেঘমল্লার। তার নেওয়া চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান তিনি।