বিআরটিএ ইকুরিয়ায় ঘুষ নেওয়ার তথ্য পেয়েছে দুদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ দাবি এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে এক আনসার সদস্যের বিরুদ্ধে ঘুষগ্রহণের তথ্য পাওয়া গেছে। একই দিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে অভিযান চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের পৃথক দুটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের উপরিচালক (জনসংরযাগ) মো. আকতারুল ইসলাম জানান, বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, রুট পারমিট ও ফিটনেস সনদ প্রদানে সেবাপ্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে বিআরটিএ ইকুরিয়া ক্যাম্পাসের বিভিন্ন সেবাপ্রার্থী ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলে। এ সময় একজন আনসার সদস্য সেবাপ্রার্থীদের কাজ করে দেওয়ার কথা বলে ঘুষগ্রহণ করেছেন বলে তথ্যপ্রমাণ পায় অভিযানকারী দল। পরে ওই আনসার সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়ার উপপরিচালক (ইঞ্জি.) বরাবর সুপারিশ করে দুদক। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহ সংগ্রহ করে, যা পর্যালোচনা শেষে কমিশনে একটি প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম। আর সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানা, কর্মস্থলে অনুপস্থিতি এবং চিকিৎসাসেবা প্রদানে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট। অভিযানকালে দুদক টিম হাসপাতালের চিকিৎসকদের সর্বশেষ ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য, ডিউটি রেজিস্টার, ছুটি রেজিস্টারসহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে।

 দুদকের প্রাথমিক পর্যালোচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে নির্ধারিত কর্মঘণ্টা পালন না করার বিষয়ে সত্যতা পাওয়া গেছে।