লক্ষ্মীপুরে সাংবাদিককে লক্ষ্য করে গুলি

লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী সাকিব। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনের ছোট ভাই। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সাকিবের বিচার এবং তার বাহিনীর অন্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে আটিয়াতলী এলাকায় পৌঁছলে সাকিব কয়েকজন সহযোগীসহ তার পথরোধ করে। একপর্যায়ে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে জাহাঙ্গীরকে গুলি করা হয়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাকিবকে আটক করে পুলিশে দেয়। সাবিকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও মাদক আইনে সদর থানাসহ অন্যান্য থানায় কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি জেল থেকে বের হন সাকিব। তাকে গ্রেপ্তারের দাবিতে জকসিন বাজারে বিক্ষোভ-মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।