৫টি সংসদীয় কমিটি গঠন এবারও সভাপতি পেল না বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে পাস হয়। নতুন গঠিত পাঁচ কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে কারও নাম রাখা হয়নি।

নবগঠিত কমিটিগুলোর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। বিএনপির এই সংসদ সদস্য বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে।

এদিকে পানিসম্পদ-মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরেক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী-হুইপদের অবস্থান নিয়ে স্পিকারের উষ্মা

এদিকে সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যারা আছেন, তারা সদস্য হিসেবে থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন স্পিকার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর তার উদ্দেশে এ কথা বলেন স্পিকার। প্রতিমন্ত্রীর পদমর্যাদাধারী জাতীয় সংসদের সরকারদলীয় চারজন হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তারা হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া ও জি কে গউছ। তাদের মধ্যে রকিবুল ইসলাম বকুলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি, আখতারুজ্জামান মিয়াকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি এবং জি কে গউছকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। রীতি অনুযায়ী, সংসদ সদস্য হলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর বাইরে কোনো কমিটিতে তাদের রাখা হয় না।

চিফ হুইপের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় চিফ হুইপ একটি বিষয় আমি লক্ষ করেছি যে, এই কমিটিগুলো যখন গঠন করা হয়, স্পিরিট হলো কমিটির চেয়ারম্যান বেসরকারি সদস্য হবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যারা আছেন, তারা সদস্য হিসেবে থাকবেন। কিন্তু আমি লক্ষ করেছি যে, কয়েকটি মন্ত্রণালয়ে সদস্য পদে প্রতিমন্ত্রী, হুইপÑএ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই। কিন্তু স্পিরিট হলো এবং সংসদের প্রথা হলো, বেসরকারি সদস্যরাই সদস্য পদে থাকবেন এবং মন্ত্রীও একজন সদস্য থাকবেন। বিষয়টি ভবিষ্যতে কমিটি গঠনকালে বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।’

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এর মধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকি ৯টি বিষয়ভিত্তিক।