সড়কে ঝরল ৪ প্রাণ

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভার সাইফুল কমিশানারের বাড়ির সামনে অসাবধানতাবশত ভ্যানগাড়ির পেছন থেকে মার্জিয়া খাতুন (২২) হঠাৎ পড়ে যায়। এ সময় অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে ত্রিশাল থানাধীন বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর দারুত তাক্কওয়া হিফজ মাদ্রাসার সামনে অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে শহিদুল (৩৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

বিরামপুর : দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল নিহত রুমি তার স্বামী মাহমুদুল হাসানের সঙ্গে দুই সন্তানসহ মোটরসাইকেলে করে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়া একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া : বগুড়ায় ট্রেনের ধাক্কায় পড়ে লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী। পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।