সড়ক পরিবহনমন্ত্রী বললেন

সরকারের লক্ষ্য নিরাপদ জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা

নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য, মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকায় কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, দ্বীপজেলা ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখ- থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী প্রমুখ।