ঢাবির জহুরুল হক হলে ২০ স্থানে ‘কল ডিরেক্টরি’ বোর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে ‘কল ডিরেক্টরি’ বোর্ড স্থাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) হল সংসদের কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ আল মাহমুদের উদ্যোগে হলের প্রবেশপথসহ ২০টি স্থানে এসব বোর্ড স্থাপন করা হয়। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আমিন বোর্ডগুলোর উদ্বোধন করেন।

কল ডিরেক্টরি বোর্ডে হলের প্রাধ্যক্ষ, ১৪ জন হাউজ টিউটর ও গুরুত্বপূর্ণ অফিস কর্মকর্তাদের যোগাযোগ নম্বর রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবক, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারমিস্ত্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের যোগাযোগ নম্বরও এতে যুক্ত করা হয়েছে।

আব্দুল আহাদ আল মাহমুদ বলেন, শিক্ষার্থীরা যাতে জরুরি প্রয়োজনে হল প্রশাসন ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন, সেই লক্ষ্যেই কল ডিরেক্টরি বোর্ড স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে জহুরুল হক হলেই প্রথম এ ধরনের কল ডিরেক্টরি বোর্ড স্থাপন করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিন উপকৃত হবেন এবং প্রয়োজনীয় সেবা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।