মুরাদনগরে ১১ মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে ১১ মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার কোম্পানীগঞ্জ ও জাঁহাপুর এলাকায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাতনগর উপজেলার জাহাপুর গ্রামের মো.খায়রুল মিয়া (২৭), একই উপজেলার পৈয়াপাথর গ্ৰামের মো. বাছির মিয়া (২১), একই গ্রামের শিমুল মিয়া (৩৫), বুড়িচং উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. আল আমিন (৩০), একই উপজেলার বাজুরা মধ্যপাড়ার মো. জুয়েল (২৯), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মো. বাবুল (২৫), নগরপাড় গ্রামের মো. রনি হোসেন (২৮), পৈয়াপাথর গ্রামের বাবুল হোসেন (২২), দক্ষিণ ত্রিশ গ্রামের এনামুল হক (১৯), বাখরনগর গ্রামের সাব্বির ভূঁইয়া (২০) ও দাউদকান্দি উপজেলার দড়ি বাউইশা গ্রামের আল আমিন (৪৫)।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত জানায়, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাকিব হাসান খাঁনের নেতৃত্বে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের মধ্যে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে এবং জাহাপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মাদক নিয়ন্ত্রণ আইনে দুইজনকে দুই মাসের, একজনকে সাত দিনের এবং বাকি ৮ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাকিব হাসান খাঁন জানান, মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদেরকে বুধবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।