কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

রেললাইন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজের কারণে রাজধানীর ১০টি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।