জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও দুই বাংলার ব্যস্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে প্রথমবার দেখা যাবে একসঙ্গে। তাদের দুজনকে নিয়ে ‘লজ্জা’ নামের একটি সিনেমা বানাচ্ছে দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এমএইচ খোকন।
এরইমধ্যে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।
সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। ‘লজ্জা’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সামাজিক সচেতনতামূলক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘লজ্জা’। তবে সিনেমাটির গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখও এখনও চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লজ্জা’। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি দেওয়ার কথা রয়েছে।