টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। দুপরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা শিল্পীবৃন্দ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। একই সঙ্গে দেশের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তারা।
মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু সংগীতশিল্পী মুহিন খান ও অভিনেতা ইভান সাইরসহ শোবিজের বিভিন্ন শাখার শিল্পীরা। বক্তারা বলেন, কোনো শিল্পী বা সাংস্কৃতিক কর্মীর ওপর হামলা কিংবা মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
চলতি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি।৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হন তিনি।